মতিউর রহমান (দুলাল), গোয়াইনঘাট (সিলেট): সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক ও এক প্রবাসী কমিউনিটি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো গোয়াইনঘাট উপজেলা জুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
গত ১২ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ধোপাগুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গোয়াইনঘাট উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ দেশীয় সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন (৪০) এবং একই সংগঠনের দেশীয় সমন্বয় কমিটির সভাপতি আব্দুল আহাদ বাবুল (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মোশাররফ হোসাইন ও আব্দুল আহাদ বাবুল একটি মোটরসাইকেলে করে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ধোপাগুল এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষক মোশাররফ হোসাইন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আব্দুল আহাদ বাবুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৩ মার্চ (শুক্রবার) বিকেলে তারও মৃত্যু হয়।
শুক্রবার বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে আইনি প্রক্রিয়া শেষে মোশাররফ হোসাইনের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওইদিন রাত ১০টায় রুস্তমপুর ইউনিয়ন কমপ্লেক্স মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, শুক্রবার রাতেই আব্দুল আহাদ বাবুলের মরদেহ তার নিজ গ্রাম রুস্তমপুরের ইটাচকিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন মৈত্র বলেন, "সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার একজন এবং শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি সম্পর্কে আমরা তথ্য পেয়েছি, সেটি আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
এদিকে, পরিচিত এই দুই মুখের অকাল মৃত্যুতে গোয়াইনঘাটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুতে সাংগঠনিকভাবে গভীর শোক প্রকাশ করেছেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ ও সদস্য সচিব প্রভাষক আলীম উদ্দিন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন এবং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অপরদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী ঘাতক ট্রাক চালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
Rubel Ahmed