জুবায়ের আহমদ সাব্বির, গোয়াইনঘাট প্রতিনিধি: মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে, আর মানবতার কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করাই প্রকৃত মহত্ত্ব। সেই ব্রত নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার অসহায় ও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস কাজ করে যাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী ও উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান কাওছার।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ মার্চ) বিকেলে গোয়াইনঘাটের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মুস্তাফিজুর রহমান কাওছারের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার তিন শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ও এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র বিএনপি কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুল খালিকের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা তাঁতী দলের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আব্দুল মান্নানের সঞ্চালনায় ও জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিলাল, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, প্রবাসীরা কেবল রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখছেন না, বরং গ্রামীণ জনপদের দরিদ্র মানুষের মৌলিক চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মুস্তাফিজুর রহমান কাওছার তেমনি একজন মানবিক মানুষ, যিনি প্রবাসে থেকেও নাড়ির টানে বারবার ফিরে আসেন এবং নিজ এলাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে কাজ করেন। খাদ্য সামগ্রী, নগদ অর্থ প্রদান ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণের মাধ্যমে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রশংসনীয়।
স্থানীয় উপকারভোগীরা তাদের প্রতিক্রিয়ায় জানান, "মুস্তাফিজুর রহমান কাওছার আমাদের দুঃখ-কষ্টের প্রকৃত বন্ধু। বিপদে-আপদে তাকে আমরা সবসময় পাশে পাই। তিনি যদি ভবিষ্যতে জনপ্রতিনিধি হিসেবে আমাদের পাশে দাঁড়ান, তবে এই এলাকার মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন হবে। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।"
উল্লেখ্য, মুস্তাফিজুর রহমান কাওছার দীর্ঘদিন ধরে গোয়াইনঘাটের ১১ নং মধ্য জাফলং ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। তার এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে।
Rubel Ahmed