নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট) :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পীরের বাজার এলাকায় ঘাটে ঘাটে নামে-বেনামে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে একটি স্থানীয় চক্রের বিরুদ্ধে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও নৌযান সংশ্লিষ্টরা। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
অভিযোগ রয়েছে, বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কার্যালয়, জালকুড়ি বাসস্ট্যান্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-এর নাম ও রশিদ ব্যবহার করে স্থানীয় একটি চক্র পীরের বাজার এলাকার বিভিন্ন ঘাটে ব্যবসায়ী ও নৌযান সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদা আদায় করছে।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সংগঠনের নামে এভাবে চাঁদা আদায়ের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। কোনো বৈধ অনুমোদন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রশিদ ব্যবহার করে অর্থ আদায় করা হলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
ব্যবসায়ীরা জানান, বিভিন্ন ঘাটে পণ্য পরিবহন ও নৌযান চলাচলের সময় নানা অজুহাতে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা দিতে অনাগ্রহ প্রকাশ করলে হয়রানি ও চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে। এতে ব্যবসার ব্যয় বাড়ার পাশাপাশি নৌপথে পণ্য পরিবহন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
এলাকাবাসী ও ব্যবসায়ীরা অবিলম্বে বিষয়টি তদন্ত করে চাঁদা আদায়ের বৈধতা যাচাই, অবৈধভাবে অর্থ আদায় বন্ধ এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, “আমি বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উক্ত বিষয়ে সংশ্লিষ্ট বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন এবং অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রতিবেদনে প্রকাশ করা হবে।
Rubel Ahmed