নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
মাদক, বাল্যবিবাহ, চোরাচালান ও নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সিলেটের গোয়াইনঘাটে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত গোয়াইনঘাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে গোয়াইনঘাট থানা পুলিশের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মোড়ল। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মাদকাসক্তির ভয়াবহতা, মাদক ও চোরাচালন প্রতিরোধ, বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. ওমর ফারুক মোড়ল শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি পরিবার, বিদ্যালয় ও সমাজে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বাল্যবিবাহ, নারী নির্যাতন ও মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেন।
সভায় শিক্ষক ও শিক্ষার্থীরাও বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। তারা মাদক, বাল্যবিবাহ, চোরাচালান ও নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিতভাবে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে পুলিশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
Rubel Ahmed