ঢাকা | বঙ্গাব্দ

স্বাধীনতার ৫৫ বছর পরও নৌকাই ভরসা: ২০ হাজার মানুষের হাহাকার, গোয়াইনঘাট ওলিরখালে ব্রিজ নির্মাণের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 ইং
স্বাধীনতার ৫৫ বছর পরও নৌকাই ভরসা: ২০ হাজার মানুষের হাহাকার, গোয়াইনঘাট ওলিরখালে ব্রিজ নির্মাণের দাবি ছবির ক্যাপশন: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সরেজমিনে পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাট(সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন জনপদ হলেও একটি ব্রিজের অভাবে মানবেতর জীবনযাপন করছেন প্রায় ২০ হাজার মানুষ। উপজেলার সদর ইউনিয়নের পাঞ্চাইতেরখাল (ওলিরখাল) এর ওপর একটি ব্রিজের অভাবে স্বাধীনতার ৫ দশক পেরিয়ে গেলেও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন অন্তত ১০টি গ্রামের মানুষ। দুর্ভোগ লাঘবে সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য বরাবর আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লাবু, লাটি, কালিজুরী, দুয়ারী খেল হাওর, মাদ্রাসা মহল্যা, বেড়ি বিল, পিরের বাজার, ঢালার পার ও দক্ষিণ প্রতাপপুর গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম এখন নৌকা। বিশেষ করে কালিজুরী রোডের (আইডি নং ৬৯১৪১৫০১৫) ওপর একটি ৬৫ মিটার ব্রিজ না থাকায় এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক অবস্থা থমকে দাঁড়িয়েছে।

এলাকাবাসীর দাবি, এই জনপদে রয়েছে কালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের প্রতিষ্ঠিত অ্যাডভোকেট জেবুন নেহার সেলিম উচ্চ বিদ্যালয়, কালিজুরী মাদ্রাসা এবং কালিজুরী পিরের বাজার কমিউনিটি ক্লিনিক। উপজেলা সদর, ইউনিয়ন পরিষদ, রাধানগর বাজার ও গোয়াইনঘাট সরকারি কলেজে যেতে হলে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে পার হতে হয়। বিশেষ করে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।

এলাকাবাসীর পক্ষে স্থানীয় বাসিন্দারা আক্ষেপ করে বলেন, "আমরা উন্নয়নের জোয়ারে ভাসলেও যাতায়াতের ক্ষেত্রে যেন এখনো সেই আদিম যুগে বাস করছি। স্বাধীনতার ৫৫ বছর হতে চলল, অথচ একটি ব্রিজের অভাবে আমাদের দ্বীপের মতো বিচ্ছিন্ন থাকতে হচ্ছে। বর্ষাকালে দুর্ভোগের সীমা থাকে না।"

উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রীর ওপর আস্থা জানিয়ে এলাকাবাসী এই ৬৫ মিটার ব্রিজটি নির্মাণের দ্রুত দাবি জানিয়েছেন। ব্রিজটি নির্মিত হলে এই অঞ্চলের কৃষিপণ্য পরিবহনসহ সার্বিক জীবনযাত্রার মান উন্নত হবে এবং হাজার হাজার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ব্রিজ নির্মাণের এই দাবি এখন এ অঞ্চলের মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এলাকাবাসী অত্যন্ত আশাবাদী যে, জনবান্ধব বর্তমান সরকার তাদের এই দুঃখ দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

উল্লেখ্য (১৩ এপ্রিল ২০২৬) মন্ত্রী আরিফুল হক চৌধুরী ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন এবং এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন সেখানে একটি ব্রিজ হবে। 


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু