গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
রক্তের সংকটে মুমূর্ষু এক গর্ভবতী মায়ের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল। জরুরি মুহূর্তে নিজের শরীর থেকে এক ব্যাগ রক্ত দিয়ে ওই গর্ভবতী মা ও তাঁর অনাগত সন্তানের জীবন রক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসাধীন ওই গর্ভবতী নারীর জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন দেখা দেয়। কিন্তু প্রয়োজনীয় রক্তের গ্রুপ না পাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। বিষয়টি জানতে পেরে কোনো ধরনের বিলম্ব না করে হাসপাতালে ছুটে যান ওসি মো. ওমর ফারুক মোড়ল।
পরে তিনি নিজেই ওই রোগীকে এক ব্যাগ রক্তদান করেন। তাঁর তাৎক্ষণিক উদ্যোগে চিকিৎসাধীন গর্ভবতী নারী চিকিৎসা সহায়তা পাওয়ার পাশাপাশি স্বজনদের মধ্যেও স্বস্তি ফিরে আসে।
ওসি ওমর ফারুকের এমন মানবিক কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দা ও রোগীর স্বজনরা প্রশংসা করেছেন। তাদের মতে, পুলিশের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের বিপদে পাশে দাঁড়ানোও মানবিক পুলিশিংয়ের গুরুত্বপূর্ণ অংশ।
সচেতন মহলের অভিমত, ওসি ওমর ফারুকের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও ভালোবাসা আরও বাড়াবে। একই সঙ্গে তাঁর এমন মানবিক দৃষ্টান্ত অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে।
Rubel Ahmed