নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান। এক শুভেচ্ছা বার্তায় তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় ওসি মনিরুজ্জামান বলেন, "মাসব্যাপী সিয়াম সাধনা শেষে খুশির বার্তা নিয়ে আসা পবিত্র ঈদুল ফিতর সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তুলবে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। পবিত্র ঈদুল ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল মুসলিম উম্মাহর জীবন।"
তিনি আরও বলেন, ঈদের এই উৎসবের মধ্য দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক। প্রতি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা—এটিই ঈদুল ফিতরের প্রত্যাশা।
এদিকে ঈদকে কেন্দ্র করে গোয়াইনঘাট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান ওসি। বিশেষ করে গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্রগুলোতে (জাফলং, বিছনাকান্দি, পান্তুমাই ও রাতারগুল) আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ওসি মনিরুজ্জামান জানান, "উপজেলার পর্যটন স্পটসমূহে আগত পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের একাধিক ইউনিট সার্বক্ষণিক টহলে থাকবে। সাধারণ মানুষ ও পর্যটকদের ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে আমরা বদ্ধপরিকর।"
পরিশেষে, অপরাধ দমনে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
Rubel Ahmed