স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার স্বাস্থ্যসেবার মান ও সার্বিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের এমপি পদপ্রার্থী জহিরুল ইসলাম। বৃহস্পতিবার (১ এপ্রিল) তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে জহিরুল ইসলাম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। রোগীদের কাছ থেকে হাসপাতালের চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে সরাসরি মতামত শোনেন তিনি। পরে তিনি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যসেবার বর্তমান মান, বিদ্যমান সমস্যা ও উত্তরণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. সারওয়ার মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদ সিলেট জেলার যুগ্ম সদস্য সচিব হারুন অর রশিদ, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মো. রবি, সহ-সাধারণ সম্পাদক লায়েক আহামদ এবং শ্রমিক নেতা শামসুল হকসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের অন্যতম লক্ষ্য। হাসপাতালের সেবার মান আরও বৃদ্ধি করতে হবে যাতে সাধারণ মানুষ হয়রানি ছাড়াই চিকিৎসাসেবা পায়। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানাই।”
Rubel Ahmed