নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাটে যুবদলকর্মী ও ছাত্রদলের সাবেক নেতা বদরুল আলম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান আসামিসহ জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার বঙ্গবীর পয়েন্টে ১নং রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, ঢাকাস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সিলেট বিভাগের সহসভাপতি মাহবুব উল আলম, রুস্তমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকির আহমদ, স্বেচ্ছাসেবক দলনেতা জাহাঙ্গীর আলম, রুস্তমপুর ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক শামিম আহমদ সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনতা।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের মামলায় একজন গ্রেপ্তার হলেও প্রধান আসামিসহ অন্য অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। তাঁরা দ্রুত আসামিদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভাপতির বক্তব্যে নাহিদুল হক বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদসংলগ্ন সড়কে দুর্বৃত্তদের হামলায় বদরুল আলম নিহত হন। এ ঘটনায় তাঁর বড় ভাই আখলাকুল আম্বিয়া বাদী হয়ে ১১ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করেন। নিহত বদরুল আলম হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে এবং রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
Rubel Ahmed