নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাটে আদালতের বিচারাধীন মামলা ও নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বসতভিটা ও ফসলি জমি দখল, গাছ কেটে ফেলা এবং অবৈধ ড্রেজার (বোমা মেশিন) বসিয়ে লাখ লাখ টাকার বালু লুটের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। উপজেলার ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের লুনী মৌজায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
এই ঘটনায় ভুক্তভোগী দেওয়ারগ্রামের বাসিন্দা বয়োবৃদ্ধ কৃষক শফিকুর রহমান (৭৫) বাদী হয়ে গোয়াইনঘাট থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার লুনী মৌজায় বাদী শফিকুর রহমান ও তাঁর আত্মীয়-স্বজনরা পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে ভোগদখল ও রক্ষণাবেক্ষণ করে আসছিলেন। কিন্তু গত কিছুদিন ধরে একই এলাকার আব্দুর রহমান (৬৫) ও তাঁর তিন ছেলে জাকারিয়া আহমদ, ইয়াহিয়া আহমদ, মোহাম্মদ আলীসহ একটি চক্র ওই ভূমি জোরপূর্বক দখল এবং সেখানে অবৈধ বালু উত্তোলনের পাঁয়তারা করছিল।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করতে ব্যর্থ হয়ে ভুক্তভোগী পরিবারটি সিলেট গোয়াইনঘাট সহকারী জজ আদালতে একটি স্বত্ব মামলা দায়ের করেন (মামলা নং- ৭৭/২০২৬ ইং)। মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
অভিযোগ সুত্রে, গত ১৫ জুলাই ২০২৬ তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকায় বিবাদী আব্দুর রহমানের নির্দেশে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল সন্ত্রাসী ও বালু খেকো চক্র ওই জমিতে প্রবেশ করে। তারা জমির ওপর থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ১ লক্ষ টাকার গাছ কেটে নিয়ে যায়। একই সাথে বিবাদীরা সেখানে ড্রেজার ও লিস্টার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে এবং ১৪-১৫টি স্টিলের ইঞ্জিন নৌকায় করে প্রায় ৩ লক্ষ টাকার বালু লুট করে নিয়ে যায়। এছাড়াও তারা অবৈধভাবে বোমা মেশিন স্থাপন করে জমিতে প্রায় ১০ লক্ষ টাকার বালু স্তূপ করে রেখেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বাদী শফিকুর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়ে তিনি ও তাঁর আত্মীয়রা বাধা দিতে গেলে বিবাদীরা ধারালো অস্ত্র উঁচিয়ে তাঁদের প্রাণে মারার উদ্দেশ্যে ধাওয়া করে। এ সময় ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মামলা-মোকদ্দমা করলে খুন-গুম করার হুমকি দিয়ে চলে যায়। ভুক্তভোগীরা জানান, হামলা ও বালু উত্তোলনের এই পুরো তাণ্ডবের দৃশ্য বাদীর ভাগিনা আব্দুল মালিকের মোবাইল ফোনে ভিডিও ধারণ করা রয়েছে। বর্তমানে পুরো পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগে অভিযুক্তরা হলেন— লুনী গ্রামের আব্দুর রহমান (৬৫), জাকারিয়া আহমদ (৪০), ইয়াহিয়া আহমদ (৩০), মোহাম্মদ আলী (৩৫), মাসুম আহমদ (২৯), ফয়ছল আহমদ (৩৫), আব্দুল হক (৫৫) এবং দক্ষিণ প্রতাপপুর গ্রামের আবু বক্কর (৪৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, গাছ কাটার মূল নেতৃত্বে ছিলেন আবু বক্কর, ফয়সল ও মাসুম আহমদ।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Rubel Ahmed