গোয়াইনঘাট(সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলার ৩৯টি সার্বজনীন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের সকল আয়োজন শেষ পর্যায়ে। মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি ও রং-তুলির কারুকাজে শেষ মুহূর্তের ব্যস্ততা এখন তুঙ্গে।
উপজেলার প্রতিটি মণ্ডপ সেজেছে নতুন সাজে। প্রতিমা শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে দেবী দুর্গার প্রতিমা। পূজাকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কেনাকাটা ও নতুন পোশাকের প্রস্তুতিও প্রায় শেষ।
গোয়াইনঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিকলেশ দাশ ও সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাশ জানান, এবার গোয়াইনঘাটে ৩৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্ন করতে তারা প্রশাসন ও পুলিশ বিভাগের সাথে একাধিক মতবিনিময় সভা করেছেন। তারা আশা প্রকাশ করেন, গোয়াইনঘাটের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের ঐতিহ্য বজায় রেখে এবারের পূজা সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।
এদিকে, পূজার নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, পূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, প্রতিটি মণ্ডপে একজন এসআই-এর নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া মণ্ডপ এলাকায় নিরাপত্তা নজরদারি বাড়াতে পুলিশের বিশেষ টিম এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। সর্বপরি, পূজাকে ঘিরে পুরো উপজেলায় একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
Rubel Ahmed