ডেক্স নিউজ :
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৫ জুন (সোমবার) দুপুর ২টায় গোয়াইনঘাট মডেল মসজিদ প্রাঙ্গণে 'গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ' (রেজি: নং সিল-১৩৬৬/২০২৩) যুক্তরাজ্য শাখার উদ্যোগে উপজেলার ১৩টি ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রবাসী সমাজকল্যাণ পরিষদ প্রবাসে থেকেও দেশের পরিবেশ ও মানুষের কল্যাণে যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। উপজেলার ১৩টি ইউনিয়নে এই সবুজায়ন প্রক্রিয়া পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন এবং গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মোর্শেদ।
এছাড়াও কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মালিক আহমদ, সাবেক ইউপি সদস্য রুবেল আহমেদ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ এবং বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমদ প্রমুখ।
আয়োজকরা জানান, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ সামাজিক দায়বদ্ধতা থেকে সবসময় উপজেলার উন্নয়নে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার উপজেলার প্রতিটি ইউনিয়নে ব্যাপকভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সুধীজন ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
Rubel Ahmed