ডেক্স নিউজ :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে একই মোটরসাইকেলে আরোহী ৩ বন্ধু নিহত হয়েছেন। রোববার (০৫ জুলাই) দুপুর ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি এলাকার মহরম মিয়ার ছেলে সাকিব (১৬), ছৈলাখেল ৮ম খণ্ড এলাকার হবি মিয়ার ছেলে রায়হান (১৬) এবং লাখেরপাড় এলাকার রাজ্জাকের ছেলে জয় (১৬)। তারা ৩ জনই জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর আনুমানিক পোনে ১টার দিকে মোটরসাইকেলযোগে ৩ কিশোর রাধানগর বাউরভাগ চা-বাগান সড়ক দিয়ে রাধানগর বাজারের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিব নিহত হয়। দুর্ঘটনায় গুরুতর আহত রায়হান ও জয়কে উদ্ধার করে প্রথমে সিলেটের নুরজাহান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে রায়হানের মৃত্যু হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য জয়'কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে সেও মারা যায়।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় অপর দুইজন কিশোরের মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Rubel Ahmed