নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বসতবাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে এক বিধবা নারীকে মারধর, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১-২ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগ অনুযায়ী, গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সুনাবান বিবি (৪০), মৃত মাহমুদ আলীর স্ত্রী দীর্ঘদিন ধরে একই গ্রামের আবুল হোসেন (৫৮), বাবুল আহমদ (৬০), জুবায়েল আহমদ (২৪), রায়হান আহমদ (১৯) ও সুহেল আহমদের (৩৫) সঙ্গে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন অভিযুক্তরা ভুক্তভোগীর বাড়ির উঠানে অনধিকার প্রবেশ করে গালিগালাজ ও চলাচলে বাধা দেন। প্রতিবাদ করলে তারা তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, আবুল হোসেন তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন এবং শ্লীলতাহানির ঘটনা ঘটান। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহত সুনাবান বিবিকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা গ্রহণের পর আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
Rubel Ahmed