গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের এক সৌজন্য মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকির পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে থানা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো. ওমর ফারুক গোয়াইনঘাট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, চোরাচালান রোধ এবং মাদক নির্মূলে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, "পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে যেকোনো অপরাধ দূর করা সম্ভব। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী ও সঠিক তথ্য পুলিশি কার্যক্রমকে আরও বেগবান করবে।" তিনি আরও যোগ করেন, "গোয়াইনঘাট থানাকে একটি জনবান্ধব ও দালালামুক্ত থানা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। সাধারণ মানুষ যাতে থানায় এসে নির্বিঘ্নে আইনি সেবা পান, তা শতভাগ নিশ্চিত করা হবে।"
সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন বিদ্যমান সমস্যা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে নবাগত ওসির দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে অপরাধ দমনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ। এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং থানার বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Rubel Ahmed