ঢাকা | বঙ্গাব্দ

লোকবল সংকট ও ঝড়ে লণ্ডভণ্ড গোয়াইনঘাট: ৩ দিন ধরে বিদ্যুৎহীন, জনজীবনে চরম দুর্ভোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 22, 2026 ইং
লোকবল সংকট ও ঝড়ে লণ্ডভণ্ড গোয়াইনঘাট: ৩ দিন ধরে বিদ্যুৎহীন, জনজীবনে চরম দুর্ভোগ ছবির ক্যাপশন: বিদ্যুৎ সংকট

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):

সিলেটের গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব এবং প্রকট লোকবল সংকটে বিদ্যুৎ পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। গত তিন দিন ধরে উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন থাকায় এসএসসি পরীক্ষার্থী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল ও পরবর্তী ঝড়ে গোয়াইনঘাটের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক লাইনের ওপর গাছ পড়ে তার ছিঁড়ে গেছে, ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। কোথাও কোথাও খুঁটি হেলে পড়ায় পুরো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। টানা চার দিন বিদ্যুৎ না থাকায় উপজেলাজুড়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা। অন্ধকারে পড়াশোনা ব্যাহত হওয়ায় তাদের অভিভাবকরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে, ফলে প্রবাসীরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার বিষয়ে গোয়াইনঘাট পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস-২ এর এজিএম মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, চাহিদার তুলনায় লোকবল কম থাকায় মেরামত কাজ ধীরগতিতে চলছে। তিনি জানান, গোয়াইনঘাট, রাধানগর ও হাদারপাড় এলাকা মিলিয়ে মোট ১৭ জন লাইনম্যান থাকার কথা থাকলেও বর্তমানে কাজ করছেন মাত্র ১৪ জন। এর মধ্যে ৩ জন উপকেন্দ্রে পর্যায়ক্রমে ডিউটি করেন এবং মাত্র ১১ জন লাইনম্যান মাঠে কাজ করছেন।

এজিএম এক বার্তায় বলেন, “গত কয়েকদিনের ঝড়ে লাইন লণ্ডভণ্ড হয়ে গেছে। খুটি ভেঙে ও হেলে গিয়ে বড় ধরনের ক্ষতি হয়েছে। আমাদের লোকবল, লেবার এবং ইলেকট্রিশিয়ানরা প্রতিটি লাইনে ধাপে ধাপে কাজ করছে। লাইন চেক করে করে চালু করতে সময় লাগছে।” তিনি উদ্ভূত পরিস্থিতিতে গ্রাহকদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছেন।

এদিকে, চার দিন পার হলেও বিদ্যুৎ না ফেরায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ ঝাড়ছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সময়ের মধ্যে লোকবল বাড়িয়ে বিদ্যুৎ ব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন গোয়াইনঘাটবাসী।


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির সদস্য হলেন সোহেল

যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির সদস্য হলেন সোহেল