ডেস্ক নিউজ :
সিলেটের সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ মিনাটিলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে নামে।
প্রথম অভিযান (০৩ জুলাই):
গতকাল ৩ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক রাত ৯:৪০ মিনিটে (২১৪০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী নামক স্থানে অভিযান চালানো হয়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ভারতীয় এয়ারগান উদ্ধার করে বিজিবি।
দ্বিতীয় অভিযান (০৪ জুলাই):
এরই ধারাবাহিকতায় আজ ৪ জুলাই ২০২৬ তারিখ দুপুর ১২:৪৫ মিনিটে অপর একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২৮৩/১১-এস থেকে আনুমানিক ৩০০ গজ ভেতরে ঝিঙ্গাবাড়ী নামক স্থানে অভিযান পরিচালনা করে। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ১টি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়। দুই দিনের অভিযানে সর্বমোট ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। উদ্ধারকৃত এই এয়ারগানগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি অধিনায়কের বক্তব্য:
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক জানান, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র পাচার, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের চোরাচালান ও অপরাধ দমনে বিজিবির এই আভিযানিক সফলতা আগামীতেও বজায় থাকবে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত থাকবে।
Rubel Ahmed