ডেক্স নিউজ :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ছয় বছর বয়সী এক কন্যাসন্তানকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুরুদ্দীন (৬৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের লাবু গুচ্ছ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আটক নুরুদ্দীন ওই এলাকার মৃত সফর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল আনুমানিক ১১টার দিকে লাবু গুচ্ছ গ্রামের হাফিজুর রহমান ও রাবিয়া খাতুন দম্পতির ৬ বছর বয়সী কন্যা সন্তান হালিমা আক্তারকে (৬) একা পেয়ে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী নুরুদ্দীন। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুদ্দীনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান "শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।"
Rubel Ahmed