নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাট (সিলেট):
সোনালী ব্যাংক পিএলসি'র সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) সেবার মাধ্যমে গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থীদের অনলাইনে বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ বিভিন্ন ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় সোনালী ব্যাংক পিএলসি, গোয়াইনঘাট শাখার আয়োজনে গোয়াইনঘাট সরকারি কলেজের সেমিনার কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, সিলেট অঞ্চলের কর্ণধার ও ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ তপনকৃষ্ণ দেব, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ, সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস, সিলেটের প্রিন্সিপাল অফিসার সুমন কান্তি দাস এবং গোয়াইনঘাট শাখার কর্মকর্তারা।
সূচনা বক্তব্যে সোনালী ব্যাংক পিএলসি, গোয়াইনঘাট শাখার শাখা প্রধান সুদীপ্ত চন্দ্র দাস বলেন, সোনালী ব্যাংক বর্তমানে ডিজিটাল সেবায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এসপিজি সেবার মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকরা ঘরে বসেই নগদ, বিকাশ, সোনালী ই-ওয়ালেট, রকেট, ভিসা কার্ডসহ বিভিন্ন মাধ্যমে নির্দিষ্ট স্টুডেন্ট আইডির বিপরীতে বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ সব ধরনের পাওনাদি পরিশোধ করতে পারবেন। এতে কলেজ প্রশাসনের নগদ অর্থ ব্যবস্থাপনার ঝামেলা কমবে এবং সময় ও শ্রম সাশ্রয় হবে।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য বলেন, এটি শুধু একটি চুক্তি নয়, বরং কলেজ ও সোনালী ব্যাংকের দীর্ঘমেয়াদি সম্পর্কের সূচনা। তিনি বলেন, সোনালী ব্যাংক আস্থার প্রতীক এবং ডিজিটাল সেবায় প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ভবিষ্যতেও নানা আর্থিক সেবা গ্রহণে সহায়ক হবে এবং চাকরি-পরবর্তী পেনশন সুবিধাও এ অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থীদের আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষে কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
Rubel Ahmed