নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আলীরগ্রাম যুব সমাজের উদ্যোগে ‘রমজানিয়া ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্র’ আলীরগ্রাম উত্তর জামে মসজিদে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে আলীরগ্রাম যুব সমাজের আয়োজনে স্থানীয় উত্তর জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "পবিত্র রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসে কোমলমতি শিশুদের সহিহভাবে কোরআন শেখানোর যে উদ্যোগ আলীরগ্রামের যুব সমাজ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বর্তমান সময়ের অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিশুদের দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে এবং একটি আদর্শ সমাজ গঠনে সহায়ক হবে।" বক্তারা আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিভাগে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে উপস্থিত সকলে মিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং ইফতার মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি চাকুরিজীবী, শিক্ষক, পুলিশ সদস্য, ছাত্রসমাজ ও স্থানীয় যুবসমাজের নেতৃবৃন্দ।
Rubel Ahmed