হাসান মোহাম্মদ বদরুল ( জৈন্তাপুর) :
সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের ডৌডিক গ্রামে বন বিভাগের সরকারি জমি দখল করে প্রভাব বিস্তার করার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে সেখানে বাড়িঘর ও পাকা স্থাপনা ও ফিসারী পুকুর নির্মাণের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার করছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, ডৌডিক গ্রামের আমির উদ্দীন (৩২) ও আজির উদ্দীন (৪০), উভয়ের পিতা আলাউদ্দিন আলাই এবং বশির উদ্দিন ও আলাউদ্দিন, উভয়ের পিতা মনির উদ্দিন আব্দুর রহিম, পিতা মৃত মনির আলী, মোঃ এরশাদ পিতা মৃত ছফাত আলী, আলী হোসেন,পিতা মৃত শওকত আলীসহ কয়েকজন ব্যক্তি মিলে বন বিভাগের জমি দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাদের ভয়ভীতির কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও জানান স্থানীয়রা।
এদিকে অভিযোগ উঠেছে, দখলদার চক্রটি পাশ্ববর্তী কয়েকটি হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টাও করছে। এ নিয়ে ওই পরিবারগুলোর ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন এলাকাবাসী। এছাড়া আলাউদ্দিন আলাই গং রাতের আধারে একটি হিন্দু পরিবারের নিজস্ব জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করেছে বলেও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে বন বিভাগের সরকারি জমি দখলমুক্ত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এলাকাবাসীর আশা, প্রশাসন দ্রুত তদন্ত করে সরকারি সম্পত্তি রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।
Rubel Ahmed