ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধে বৃদ্ধা নারীকে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধে বৃদ্ধা নারীকে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ ছবির ক্যাপশন: বৃদ্ধা নারী ও অভিযোগ
এবাদুর রহমান, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাটে বসতভিটা ও পৈত্রিক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে এক বৃদ্ধা শাশুড়িকে (৬১) মারধর, শ্লীলতাহানি ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার আপন জামাতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সিতারা বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন—জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও ভুক্তভোগীর জামাতা জাকির হোসেন (২৬), তার ভাই নয়ন মিয়া (২৪) এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াখেল গ্রামের মৃত আখলাকুল রহমান দুদু মিয়ার স্ত্রী সিতারা বেগমের কোনো ছেলে সন্তান নেই। ১০-১২ বছর আগে স্বামী মারা যাওয়ার পর একমাত্র মেয়ে সালেহা বেগমকে নিয়ে তিনি বসবাস করে আসছেন। অভিযোগ রয়েছে, জামাতা জাকির হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সিতারা বেগমের স্বামীর পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করার জন্য তাকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক হয়রানি করে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা অমান্য করে বৃদ্ধার ওপর চাপ সৃষ্টি অব্যাহত রাখে।

সর্বশেষ গত ২৯ মার্চ (শুক্রবার) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে জাকির হোসেন ও নয়ন মিয়াসহ একদল দুর্বৃত্ত সিতারা বেগমের বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে। তারা বৃদ্ধাকে গালিগালাজ করে এবং জোরপূর্বক জমি লিখে দেওয়ার জন্য চাপ দেয়। সিতারা বেগম এতে অস্বীকৃতি জানালে বিবাদীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে জাকির হোসেন তাকে হত্যার উদ্দেশ্যে তলপেটে উপর্যুপরি লাথি মারেন এবং পরিহিত কাপড় দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করেন। এ সময় অন্যান্য সহযোগীরা তাকে শ্লীলতাহানি করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বৃদ্ধার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি চিকিৎসা গ্রহণ করেন।

এ বিষয়ে ভুক্তভোগী সিতারা বেগম বলেন, "আমার কোনো ছেলে নেই। এই অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার জামাতা জাকির হোসেন আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখল করতে চায়। সে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে বিচার চাই।" বর্তমানে ওই বৃদ্ধা ও তার পরিবার বিবাদীদের হুমকির মুখে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানা যায়। 


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

গোয়াইনঘাটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ২