ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে প্রশাসনের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা, ৪টি লিস্টার মেশিন ধ্বংস

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং
গোয়াইনঘাটে প্রশাসনের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা, ৪টি লিস্টার মেশিন ধ্বংস ছবির ক্যাপশন: অভিযানের সময় তোলা ছবি
নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাট (সিলেট): 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বালির হাওর ও বুধিগাঁও হাওরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টানা পাঁচ ঘণ্টার অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন।

প্রশাসন সূত্রে জানা যায়, বালির হাওর ও বুধিগাঁও হাওর এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় টাস্কফোর্স ও মোবাইল কোর্টের সমন্বয়ে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ঘটনাস্থলেই ভেঙে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

অভিযান শেষে স্থানীয় জনসাধারণ ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে পরিবেশ রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান ও নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই কাউকে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনের সুযোগ দেওয়া হবে না।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে পুলিশের অভিযানে ভারতীয়  পন্য সহ দুই চোরাকারবারী আটক

ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় পন্য সহ দুই চোরাকারবারী আটক