নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া ইউনিয়নে দুর্যোগের আগাম প্রস্তুতি, পূর্বাভাসনির্ভর কার্যক্রম এবং সময়মতো মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে PROTISTHAA প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় লেংগুড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন প্রশাসক মো. নুরুল হক।
সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি ও অন্যান্য অংশীজন অংশ নেন।
সভায় PROTISTHAA (Protocols and Trigger-based Institutional Systems for Timely Humanitarian & Anticipatory Action) প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় দুর্যোগের আগাম পূর্বাভাস, Anticipatory Action (আগাম পদক্ষেপ), Trigger-based Action এবং সময়মতো মানবিক সহায়তা প্রদানের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে লেংগুড়া ইউনিয়নে আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও অন্যান্য দুর্যোগে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি ও কার্যকর আগাম পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়।
বক্তারা বলেন, দুর্যোগ সংঘটিত হওয়ার পর শুধু সাড়া দেওয়ার পরিবর্তে পূর্বাভাস ও নির্ধারিত ট্রিগারের ভিত্তিতে আগাম পদক্ষেপ নেওয়া গেলে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, এনজিও, গণমাধ্যম, সুশীল সমাজ ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
সভায় নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে দুর্যোগের আগাম কার্যক্রম গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়। অংশীজনরা লেংগুড়া ইউনিয়নের স্থানীয় দুর্যোগ ঝুঁকি ও বাস্তবতা তুলে ধরে আগাম সতর্কবার্তা প্রচার, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, স্থানীয় পর্যায়ে প্রস্তুতি এবং সময়মতো মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ দেন।
PROTISTHAA প্রকল্পটি কেয়ার বাংলাদেশ-এর সার্বিক নেতৃত্বে এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) কর্তৃক এই এলাকায় বাস্তবায়িত হচ্ছে। উল্লেখ্য যে,'প্রতিষ্ঠা' (PROTISHTHA) মূলত: DG-ECHO-র অর্থায়নে পরিচালিত একটি কনসোর্টিয়াম প্রকল্প। এই কনসোর্টিয়ামের নেতৃত্বে রয়েছে কেয়ার বাংলাদেশ (CARE Bangladesh) এবং অন্য দুই অংশীদার হলো এসিএফ (ACF) ও অ্যাক্টেড (Acted)। মাঠপর্যায়ে বিভিন্ন মৌসুমী বন্যা-আকস্মিক বন্যা-ঘূর্ণিঝড়প্রবণ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে কনসোর্টিয়ামের তিন বাস্তবায়নকারী সংস্থা— ইএসডিও (ESDO), উত্তরণ (Uttaran) ও এনএসএস (NSS)। এছাড়া কারিগরি সহায়তা প্রদান করছে এর টেকনিক্যাল পার্টনার রাইমস (RIMES)।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো, বিদ্যমান সরকারি ব্যবস্থা ও কাঠামোর সঙ্গে কাজ করে Anticipatory Action-বা আগাম পদক্ষেপ এর সক্ষমতা আরও শক্তিশালী করা, যেন জাতীয় ও স্থানীয় পর্যায়ে বহুমাত্রিক দুর্যোগভিত্তিক আগাম ব্যবস্থাপনা জোরদার করা যায় এবং দুর্যোগ মোকাবিলার মাধ্যমে সময়মতো মানবিক চাহিদা পূরণ করা সম্ভব হয়।
সভায় PROTISTHAA প্রকল্পের ফাইনান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার স্বপন কুমার দেব, প্রজেক্ট অফিসার মো. জাহিদুল হক, ফিল্ড ফ্যাসিলিটেটর প্রীতি রানী সরকার ও ফিল্ড ফ্যাসিলিটেটর মো. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আশাবাদ ব্যক্ত করা হয়, PROTISTHAA প্রকল্প ও সরকারের সহযোগিতার মাধ্যমে লেংগুড়া ইউনিয়নে পূর্বাভাসনির্ভর ও আগাম মানবিক কার্যক্রম আরও শক্তিশালী ও টেকসই হবে। একই সঙ্গে দুর্যোগপ্রবণ মানুষের সহনশীলতা, নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করতে প্রকল্পটি ভূমিকা রাখবে । ”দুর্যোগের আগে প্রস্তুতি, ক্ষয়ক্ষতি কমাতে সক্ষমতা বৃদ্ধি” শ্লোগানের মাধ্যমে অবহিতকরণ সভাটির সমাপ্তি ঘোষনা করা হয়।
Rubel Ahmed