নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
স্থানীয় সরকার বিভাগের চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বিশেষ অনুদান হিসেবে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে বরাদ্দ দেওয়া হয়েছে মোটা অংকের অর্থ। প্রতিটি ইউনিয়ন পরিষদ গড়ে প্রায় আড়াই লাখ টাকা করে এই বরাদ্দ পেয়েছে, যার মূল উদ্দেশ্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা।
সরকারি পরিপত্র অনুযায়ী, এই বরাদ্দকৃত অর্থ থেকে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে "ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা, ২০২১" এবং "পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা" কঠোরভাবে মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি, সরকারি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে অর্থ ব্যয়ে কোনো অনিয়ম হলে আয়ন-ব্যয়ন কর্মকর্তা দায়ী থাকবেন এবং অব্যয়িত অর্থ আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে সরকারি কোষাগারে ফেরত পাঠাতে হবে।
তবে এই মহৎ উদ্যোগের সঠিক বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ভূমিকা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন ও সংশয় দেখা দিয়েছে। বরাদ্দকৃত সরকারি অর্থ সঠিক নিয়মে শতভাগ বৃক্ষরোপণ প্রকল্পে ব্যয় হচ্ছে কি না, কিংবা এতে কোনো অস্বচ্ছতা রয়েছে কি না, তা নিয়ে গুঞ্জন চলছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয় বাসিন্দারা জানান, পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রীর এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে প্রকল্পের শতভাগ সাফল্য ও স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের নিবিড় নজরদারি এবং মাঠে সক্রিয় তদারকি জরুরি। সরকারের এই কোটি টাকার বরাদ্দের প্রতিটি পয়সা যেন যথাস্থানে ব্যবহৃত হয়, সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
Rubel Ahmed