গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের মোমিনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে প্রবাসী পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল আনুমানিক ৩টার দিকে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছৈলাখেল ৮ম খণ্ড গ্রামের লন্ডন প্রবাসী মোস্তফা মোমিনপুর এলাকায় মৌরসী সূত্রে পাওয়া কয়েক বিঘা জমি দীর্ঘদিন ধরে ভোগদখল ও রক্ষণাবেক্ষণ করে আসছিলেন। তবে অভিযোগ উঠেছে, স্থানীয় সিদ্দিক উল্লাহ, আমজাদ ও বুলবুলের নেতৃত্বে একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে উক্ত জমি দখলের পাঁয়তারা করে আসছে।
বৃহস্পতিবার বিকেলে বিরোধপূর্ণ ওই জমিতে মোমিনপুরের এক যুবক হালচাষ করতে গেলে প্রবাসীর আত্মীয় ও কেয়ারটেকার বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে উক্ত যুবক প্রবাসীর লোকজনের ওপর চড়াও হয় এবং পরবর্তীতে তার সহযোগীদের নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে প্রবাসীর পক্ষে থাকা ছৈলাখেল ৮ম খণ্ডের ৩ জন আহত হন। এদিকে মোমিনপুরের ভুমিখেকোদের বিরুদ্ধে প্রবাসীর তৈরি ২টি ঠিনের ঘর ভাংচুর করার অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় প্রবাসী মোস্তফার পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Rubel Ahmed