ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে ফার্মাসিস্ট যখন ‘ডাক্তার’: বাড়ছে অপচিকিৎসার ঝুঁকি

  • নিউজ প্রকাশের তারিখ : May 18, 2026 ইং
গোয়াইনঘাটে ফার্মাসিস্ট যখন ‘ডাক্তার’: বাড়ছে অপচিকিৎসার ঝুঁকি ছবির ক্যাপশন:
ডেক্স নিউজ :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা লাইসেন্সবিহীন ফার্মেসিগুলোতে চলছে ভয়াবহ অপচিকিৎসা। নিবন্ধিত চিকিৎসকের তোয়াক্কা না করে খোদ ওষুধ বিক্রেতারাই বনে গেছেন ‘ডাক্তার’। প্রেসক্রিপশন ছাড়াই উচ্চমাত্রার এন্টিবায়োটিক বিক্রি এবং ভুল চিকিৎসায় জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাট সদর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে ড্রাগ লাইসেন্স ও প্রশিক্ষণপ্রাপ্ত ফার্মাসিস্ট ছাড়াই চলছে অসংখ্য ওষুধের দোকান। এসব দোকানে আসা রোগীদের কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে না পাঠিয়ে ওষুধ বিক্রেতারা নিজেরাই রোগ নির্ণয় করছেন এবং প্রেসক্রিপশন লিখে ওষুধ দিচ্ছেন। বিশেষ করে গ্রামের সহজ-সরল মানুষ এসব অপচিকিৎসার প্রধান শিকার হচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিজ্ঞ এমবিবিএস ও বিসিএস ক্যাডার চিকিৎসক থাকা সত্ত্বেও একশ্রেণির অসাধু ফার্মাসিস্ট রোগীদের বিভ্রান্ত করে নিজেদের দোকানেই চিকিৎসা দিচ্ছে। বিশেষ করে নারী রোগীদের ক্ষেত্রে প্রয়োজন ছাড়াই স্যালাইন পুশ করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, শিশু রোগীদের ক্ষেত্রে কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই দেওয়া হচ্ছে কর্টিসনজাতীয় সিরাপ ও কড়া এন্টিবায়োটিক, যা শিশুদের দীর্ঘমেয়াদী শারীরিক ক্ষতির কারণ হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়া যত্রতত্র এন্টিবায়োটিক সেবনের ফলে শরীরে ‘এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স’ তৈরি হয়। এর ফলে সাধারণ সংক্রমণেও ভবিষ্যতে কোনো ওষুধ কাজ করবে না, যা জনস্বাস্থ্যের জন্য এক বড় বিপর্যয় ডেকে আনবে। এছাড়া ভুল ওষুধ ও মাত্রারিক্ত স্টেরয়েড সেবনের ফলে কিডনি ও লিভারের জটিলতা বাড়ার আশঙ্কাও রয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছেন, ড্রাগ লাইসেন্সবিহীন এসব দোকান ও হাতুড়ে চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও নজরদারি না বাড়ালে এই অপচিকিৎসা বন্ধ করা সম্ভব নয়।

এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. সারোয়ার আলম বলেন, "বিষয়টি মূলত ঔষধ প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেখার কথা। তবে আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত এসব অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতার স্পর্শে ঘুরে দাঁড়ালেন বিরামপুর বড় মাঠের মাখা বিক্রেত

মানবতার স্পর্শে ঘুরে দাঁড়ালেন বিরামপুর বড় মাঠের মাখা বিক্রেত