ঢাকা | বঙ্গাব্দ

জাফলং ইসিএতে পরিবেশ অধিদপ্তরের অভিযান: ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
জাফলং ইসিএতে পরিবেশ অধিদপ্তরের অভিযান: ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস ছবির ক্যাপশন: অভিযানকালে তুলা ফুটেজ
অনলাইন ডেস্ক :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার, এক্সকেভেটরসহ পাথর ও বালু উত্তোলনে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে জাফলং-ডাউকি ইসিএ এলাকার বাউরভাগ হাওর, চা-বাগান, ঝুমপাড় ও জিরো পয়েন্ট এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে ব্যবহৃত ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটর, ৫টি জেনারেটর, ৪৪টি বারকি নৌকা, ১৩টি কনভেয়ার বেল্ট, ১৫টি শ্যালো মেশিন এবং ৫টি ব্যাটারি ধ্বংস করা হয়। এছাড়া আরও ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। শব্দদূষণকারী ও অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধেও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির, সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযানে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন

গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন