আমিনুল ইসলাম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত করার লক্ষ্যে অংশীজনদের সাথে এক অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর গোয়াইনঘাট এপি।
এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কস্তা'র বসভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মুহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধ উপজেলা গঠনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। গোয়াইনঘাটকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া মুক্ত করতে প্রশাসন বদ্ধপরিকর। ওয়ার্ল্ড ভিশনের এই সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবেই আমরা শিশুদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়তে পারব।
সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ এবং ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার আলোয় ফিরিয়ে আনার ক্ষেত্রে এ পর্যন্ত অর্জিত অগ্রগতি, বর্তমান চিত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং উপজেলাটিকে সম্পূর্ণ শিশু সুরক্ষা বান্ধব হিসেবে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Rubel Ahmed