নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম পুঞ্জি ফুটবল মাঠে তিন দিনব্যাপী আয়োজিত 'আদিবাসী ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে এই সমাপনী খেলাটি অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত লড়াইয়ে এফসি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ১-০ গোলের ব্যবধানে নকশিয়া-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী সম্প্রদায়ের সুচিং। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম, গোয়াইনঘাট সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সামছুদ্দিন কামাল এবং বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ উদ্দিন।
খেলা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের ১ম পুরস্কার হিসেবে বিজয়ী দলকে একটি দৃষ্টিনন্দন চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ৬০,০০০ (ষাট হাজার) টাকা প্রদান করা হয়। এছাড়া রানার্সআপ দলকে একটি ট্রফি ও নগদ ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা দেওয়া হয়।
পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল ইসলাম বলেন, "খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখে। আদিবাসী সম্প্রদায়ের এই আয়োজন অত্র এলাকায় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কয়েক হাজার ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। টানটান উত্তেজনার এই ফাইনাল খেলাটি দর্শকদের বেশ আনন্দ দিয়েছে।
Rubel Ahmed