ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে ধানের গোলায় ফেন্সিডিলের পাহাড়' ১,২০৫ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
গোয়াইনঘাটে ধানের গোলায় ফেন্সিডিলের পাহাড়' ১,২০৫ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার ছবির ক্যাপশন: আটক মাদক ও গ্রেফতারকৃত নারীর ছবি
নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে মাদকের বিস্তার নিয়ে দিনদিন উদ্বেগ বাড়ছে। ভারতীয় সীমান্তঘেঁষা দুর্গম এলাকাগুলো ব্যবহার করে চোরাকারবারিরা মাদকের বড় বড় চালান দেশে প্রবেশ করাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সীমান্ত পেরিয়ে আসা এসব মাদক বিভিন্ন হাত ঘুরে উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে পড়ছে। এতে মাদকাসক্তির পাশাপাশি চুরি, ছিনতাইসহ নানা অপরাধ প্রবণতা বাড়ছে বলে স্থানীয়দের দাবি।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় মাদকের বড় চালান আটকে দিতে গোয়াইনঘাট থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

এরই ধারাবাহিকতায় রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মোড়লের নির্দেশনায় উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের পাতনী এলাকায় অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি বসতবাড়ির ধান সংরক্ষণের গোলা থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ২০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ সময় কুটিনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের তেরা মিয়ার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বড় একটি চালান মজুদের খবর পেয়ে রাত ১১টার দিকে গোয়াইনঘাট থানার এসআই হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে কুটিনা বেগমের বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি জোরদার করা হয়।

ঘরের বিভিন্ন স্থান তল্লাশি করে কোনো মাদক না পাওয়ায় একপর্যায়ে পুলিশের নজর যায় ঘরের কোণে থাকা ধানের গোলার দিকে। সেখানে তল্লাশি চালিয়ে গোলার ভেতরে সুকৌশলে তৈরি করা লুকানো স্থান থেকে বস্তাভর্তি ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ধানের গোলা থেকে সর্বমোট ১ হাজার ২০৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। ধানের গোলার ভেতরে ফেন্সিডিল লুকিয়ে রেখে পার পাওয়ার চেষ্টা পুলিশের তীক্ষ্ণ নজরদারির কারণে ব্যর্থ হয়েছে।

তিনি আরও জানান, মাদকের মূল উৎপাটনে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে। সীমান্ত এলাকা দিয়ে আসা যেকোনো ধরনের চোরাচালান ও মাদক কারবার রুখে দিতে গোয়াইনঘাট থানা পুলিশ সবসময় তৎপর রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে পুলিশের অভিযানে ভারতীয়  পন্য সহ দুই চোরাকারবারী আটক

ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় পন্য সহ দুই চোরাকারবারী আটক