নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাটে মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষায় মাদকবিরোধী সমাবেশ ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর পূর্ব পাড় এলাকায় এলাকাবাসীর আয়োজনে ও গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরুব্বি আক্কাস আলীর সভাপতিত্বে এবং টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাধারণ সম্পাদক সালমান শাহ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মোড়ল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী খাঁন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন তালুকদার, টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সভাপতি হুমায়ুন আহমেদ এবং বিশিষ্ট মুরুব্বি খাঁন বাহাদুর ও বাদশা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী মাদকের কারণে সৃষ্ট বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর ক্ষতিকর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। তাই মাদক নির্মূলে আইনগত ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. ওমর ফারুক মুড়ল বলেন, মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকায় মাদক সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
সভায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত সামাজিক সচেতনতা কার্যক্রম চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বাউরভাগ হাওর পূর্ব পাড় এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সমন্বয় আরও জোরদার এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এলাকাবাসী বলেন, “মাদকের বিরুদ্ধে এখন আর নীরব থাকার সুযোগ নেই—নিজ নিজ অবস্থান থেকে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
Rubel Ahmed