নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজার সংলগ্ন রাধানগর ডাঃ ইদ্রিছ আলী উচ্চ বিদ্যালয়ের রাস্তায় একটি বিশালাকার গাছ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় চরম উদ্বেগের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের খেলার মাঠে যাওয়ার প্রধান রাস্তার ওপর অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে এই গাছটি। রাস্তার একদম কিনারে হওয়ায় বড় বড় যানবাহন চলাচলের সময় গাছের সাথে অনবরত ঘর্ষণ লাগছে। দীর্ঘদিনের ঘষামাজায় গাছের অর্ধেকেরও বেশি অংশ ইতোমধ্যে ক্ষয় হয়ে চিকন হয়ে গিয়েছে। ফলে গাছটি তার স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে কালবৈশাখী বা ঝড়-তুফানের মৌসুমে গাছটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। প্রতিদিন শত শত কোমলমতি শিক্ষার্থী এই পথ দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। এছাড়া এলাকার সাধারণ মানুষের চলাচলের একমাত্র পথ এটি। যেকোনো সময় গাছটি উপড়ে বা ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানি বা জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
এলাকাবাসীর দাবি, কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসন যেন দ্রুত গাছটি কাটার ব্যবস্থা গ্রহণ করে। জনস্বার্থে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে স্থানীয় রাধানগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির আহমদ সানি বলেন, "গাছটির অর্ধেকের বেশি অংশ গাড়ির ঘষায় শেষ হয়ে গেছে। এখন ঝড় আসুক বা না আসুক, যেকোনো মুহূর্তে এটি ভেঙে পড়তে পারে। আমরা প্রশাসনের কাছে দ্রুত এটি অপসারণের দাবি জানাই।"
Rubel Ahmed