ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পানি উন্নয়ন প্রকল্পের নদী খননের মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে রহমত মারুফ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ট্রাকচালক ও শ্রমিকদের মারধর এবং ট্রাক ভাঙচুরের ঘটনাও ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার বাঘেরসড়ক লামাকুটাপাড়া গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান গত দুই থেকে তিন মাস ধরে জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের বিরাখাই হাটিরগ্রাম এলাকায় পানি উন্নয়ন প্রকল্পের নদী খননের মাটি পরিবহনের কাজে ট্রাকচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনার বর্ণনায় তিনি জানান, বৃহস্পতিবার ৫ মার্চ দুপুর আনুমানিক দেড়টার দিকে নদী খননের মাটি ট্রাকে করে বেরিবাঁধে নেওয়ার সময় বিরাখাই হাটিরগ্রাম এলাকায় পৌঁছালে রহমত মারুফ, তার পিতা জামাল আহমদসহ আরও কয়েকজন ট্রাকগুলোর পথরোধ করেন। এ সময় তারা চালক ও শ্রমিকদের গাড়ি থেকে নামিয়ে গালিগালাজ করতে থাকেন।
একপর্যায়ে অভিযুক্ত রহমত মারুফ প্রকল্পের কাজ চালিয়ে যেতে হলে ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন। অন্যথায় ওই এলাকায় ট্রাক চলাচল করে কাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা লাঠিসোটা দিয়ে তাদের মারধর করে এবং কয়েকটি ট্রাকের গ্লাস ভেঙে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত শ্রমিকরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
এ ঘটনায় ভুক্তভোগী মাহফুজুর রহমান জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে রহমত মারুফকে আটক করে।
পুলিশ জানায়, আটক রহমত মারুফ স্থানীয় ছাত্রদল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তিনি নিজেকে জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, ট্রাক শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারি উন্নয়ন প্রকল্প নির্বিঘ্নে বাস্তবায়নের স্বার্থে যেকোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি বা বাধা সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। উন্নয়ন কাজে স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা বজায় থাকলে সাধারণ মানুষই এর সুফল ভোগ করবে।
Rubel Ahmed