ঢাকা | বঙ্গাব্দ

কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই বিভিন্ন স্থানে ফাটল, ভাঙন ও ক্ষয়—উন্নয়নের মান নিয়ে প্রশ্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই বিভিন্ন স্থানে ফাটল, ভাঙন ও ক্ষয়—উন্নয়নের মান নিয়ে প্রশ্ন ছবির ক্যাপশন: রাস্তার বেহাল দশার চিত্র
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট–সালুটিকর সড়কের বিভিন্ন স্থানে কাজ শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই ফাটল, ভাঙন ও ক্ষয়ের চিত্র দেখা যাচ্ছে। সম্প্রতি ধারণ করা ছবিতে সড়কের এমন দুরবস্থা স্পষ্ট হয়ে উঠেছে।

জনগণের অর্থে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়ক অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়ায় কাজের গুণগত মান, নির্মাণসামগ্রী ও তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

সালুটিকর–গোয়াইনঘাট সড়কটি গোয়াইনঘাটবাসীর শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও দৈনন্দিন যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। ফলে সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন কাজের মান নিয়ে নানা প্রশ্ন ও অনিয়মের অভিযোগ রয়েছে। সম্প্রতি নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে সড়কের একটি অংশের কাজ বন্ধের নির্দেশ দেওয়ার ঘটনাও সামনে এসেছে।

এ অবস্থায় প্রশ্ন উঠছে—সড়কের কাজের মান যাচাই ও নিয়মিত তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কোথায় ছিল?

স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকল্পের নকশা, প্রাক্কলন, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান, কাজের পরিমাপ, বিল প্রদান এবং তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখা হোক।

তাদের ভাষ্য, জনগণের অর্থে নির্মিত সড়ক যদি কয়েক মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এর দায় জনগণের নয়। প্রয়োজন টেকসই নির্মাণ, সঠিক মান নিশ্চিতকরণ এবং কার্যকর জবাবদিহিতা।

গোয়াইনঘাটবাসীর দাবি একটাই—অবহেলা নয়, টেকসই রাস্তা চাই; কথার উন্নয়ন নয়, বাস্তব উন্নয়ন চাই।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে দুই শিক্ষকের রাজকীয় বিদায়।

গোয়াইনঘাটে দুই শিক্ষকের রাজকীয় বিদায়।