নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতায় ইউনিয়নজুড়ে নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী হিসেবে আলোচনায় এসেছেন সাংবাদিক ও স্থানীয় বিএনপি নেতা মো. আব্দুল মতিন।
গত ২৬ সেপ্টেম্বর নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশা নিয়ে মতবিনিময় করেন তিনি। আব্দুল মতিন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়ভাবে মার্জিত ও মিষ্টভাষী ব্যক্তি হিসেবে পরিচিত আব্দুল মতিনকে নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও চায়ের আড্ডায় আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। তরুণদের পাশাপাশি প্রবীণদের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে বলে দাবি স্থানীয়দের।
এলাকার কয়েকজন প্রবীণ নাগরিকের মতে, নন্দিরগাঁও ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং নাগরিকসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এসব প্রত্যাশা ও সম্ভাব্য প্রার্থীদের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।
নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুন নুর বলেন, “আব্দুল মতিন ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন গ্রাম-গঞ্জে সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বিভিন্ন এনজিওর মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিরাপদ পানির ব্যবস্থা করতেও ভূমিকা রেখেছেন। প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।”
তিনি আরও বলেন, বৈশ্বিক করোনা মহামারি এবং ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় আব্দুল মতিন অসহায় মানুষের মধ্যে খাদ্যসহায়তা দিয়েছেন। প্রতিবছর শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড কমিটি ও বিএনপির ওয়ার্ড কমিটি গঠনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানান আব্দুন নুর।
আব্দুন নুরের ভাষ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নন্দিরগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গণসংযোগ করেন আব্দুল মতিন। এ সময় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ আরও বাড়ে।
চেয়ারম্যান পদে নির্বাচনী প্রস্তুতি, নিজের পরিকল্পনা ও ইউনিয়নের উন্নয়ন ভাবনা সম্পর্কে জানতে আব্দুল মতিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নন্দিরগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা আরও বাড়ছে। তবে দলীয় সমর্থন, প্রার্থিতা এবং ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারিত হবে পরবর্তী রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতির মধ্য দিয়ে।
Rubel Ahmed