দিরাই প্রতিনিধি :সুনামগঞ্জের দিরাই উপজেলায় নিজ বাসায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত অসিত চন্দ্র দাস (৩৩) উপজেলার রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সতানন্দপুর গ্রামের মৃত সতীশ চন্দ্র দাসের ছেলে। তিনি দিরাই পৌর সদরের মজলিসপুর এলাকায় বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৮ এপ্রিল ) বিকেল প্রায় ৫টার দিকে নিজ নির্মাণাধীন বাসভবনে মোটরের লাইন মাল্টিপ্লাগে সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষক দুই কন্যা সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Rubel Ahmed