প্রিন্ট এর তারিখঃ Oct 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 30, 2026 ইং
গোয়াইনঘাটে ‘সততা মোটরযান ড্রাইভিং সেন্টার’র যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাট (সিলেট) :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সততা মোটরযান ড্রাইভিং সেন্টার’। বুধবার ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টায় প্রতিষ্ঠানটির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
আহারকান্দি বাজারে গোয়াইনঘাট–মাতুরতল সড়কে পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত এ প্রশিক্ষণকেন্দ্রে অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে সহজ পদ্ধতিতে, স্বল্প খরচে ও কম সময়ে মোটরযান চালানো শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, এখানে অটোমেটিক ও ম্যানুয়েল গিয়ারে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় মৌলিক ও ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষন শেষে সার্টিফিকেটও প্রদান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন প্রশিক্ষক জালাল উদ্দীন।
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক তাজ উদ্দিন, আতাউর, জুবেল ও বিরবল ঘোষসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কার্যক্রমের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
স্থানীয়দের মতে, আহারকান্দি বাজারে নতুন এ ড্রাইভিং প্রশিক্ষণকেন্দ্র চালু হওয়ায় মোটরযান চালনায় আগ্রহী তরুণ-তরুণীদের স্থানীয়ভাবে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে এলাকার মানুষের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনাও সৃষ্টি হতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬