
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে মাদক, চোরাচালান, সীমান্ত অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের সার্বিক দিকনির্দেশনায় গত ৩ জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় মোট ২৫৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে মাদক মামলায় ৩২ জন, চোরাচালান মামলায় ২৩ জন, জিআর পরোয়ানায় ৬১ জন, জিআর সাজা পরোয়ানায় ১৩ জন, সিআর পরোয়ানায় ৪০ জন, সিআর সাজা পরোয়ানায় ১১ জন, নিয়মিত মামলায় ৬৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৯ জন রয়েছেন।
মাদকবিরোধী অভিযানে উদ্ধার বিপুল মাদক
পুলিশ জানায়, মাদকবিরোধী ২৮টি মামলায় ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৬০ লিটার চোলাই মদ, ২ হাজার ৫৭৫ বোতল ভারতীয় এসকাফ কফ সিরাপ, ১৬৭ বোতল ও ৪২ ক্যান ভারতীয় মদ, ১ হাজার ৬৮০ পিস ইয়াবা এবং ৬১.৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ।
চোরাচালান প্রতিরোধেও অভিযান
সীমান্তবর্তী এলাকা হওয়ায় চোরাচালান প্রতিরোধেও নিয়মিত অভিযান চালাচ্ছে গোয়াইনঘাট থানা পুলিশ। ১৭টি চোরাচালান মামলায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় ৩ লাখ ১২ হাজার ৫০০ শলাকা ভারতীয় নাসির বিড়ি, ১ হাজার ৯০০ কেজি ভারতীয় জিরা, ৯ হাজার ৮৭২ পিস ভারতীয় চকলেট ও অন্যান্য সামগ্রী, ২২০ বোতল ভারতীয় অলিভ অয়েল, ডাবর আমলা হেয়ার অয়েল ও প্রসাধনী সামগ্রী, ভারতীয় আইফোনসহ বিভিন্ন মোবাইল ফোন ও ব্যাগেজ সামগ্রী জব্দ করা হয়।
এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি পুরোনো রেজিস্ট্রেশনবিহীন সিএনজি, একটি পিকআপ, একটি ডিআই পিকআপ, ইঞ্জিনচালিত কাঠ ও বারকি নৌকা এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, নিয়মিত অভিযানের পাশাপাশি বিপুল সংখ্যক জিআর ও সিআর পরোয়ানা-রিকলসহ অন্যান্য কার্যক্রমও নিষ্পত্তি করা হয়েছে।
এদিকে পুলিশের অভিযানের ধারাবাহিকতায় স্থানীয় অপরাধী ও চোরাচালান চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে পুলিশের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অভিযোগ ও সমালোচনা ছড়ানোর বিষয়টিও সামনে এসেছে। পুলিশ এসব অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে দাবি করেছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, “গোয়াইনঘাট উপজেলাকে মাদক, চোরাচালান ও সব ধরনের অপরাধমুক্ত করতে থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। কোনো বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে কান না দিয়ে অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও বলেন, সীমান্ত অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।