প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
গোয়াইনঘাটে এসিল্যান্ডের ভোক্তা অধিকার ও অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট বাজার ও পরগণা বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন। এসময় গোয়াইনঘাট থানা পুলিশ অভিযানে সহায়তা করে।
অভিযানের অংশ হিসেবে গোয়াইনঘাট বাজারে স্লটার হাউস ও ভেটেরিনারি ওষুধের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালানো হয়। পরে পরগণা বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৮টি ড্রেজার মেশিন অকেজো করা হয় এবং ১টি স্টিলবডি নৌযান ডুবিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬