প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2026 ইং
গোয়াইনঘাটে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি বুরহান উদ্দিন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকিব আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজিল হোসাইন জুয়েল।
প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি নাজমুল হাসান সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার সেক্রেটারি আহবাব হোসেন মুরাদ, প্রকাশনা সম্পাদক আবু সালেহ ইউসুফ, গোয়াইনঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দীন এবং উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি তারেক আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইমামুজ্জামান বাছিত, অর্থ সম্পাদক ও গোয়াইনঘাট কলেজ সভাপতি সবুজ আহমদ, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, ছাত্রশিবির নেতা জাহিদুল ইসলাম, জান্নাত, মোহাম্মদ উল্ল্যাহ, মাসুম ও তামিম আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তানজিল হোসাইন জুয়েল বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে উঠে আগামীর রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নৈতিকতা ছাড়া মেধা মূল্যহীন, তেমনি মেধা ছাড়া সফলতা অর্জন সম্ভব নয়।
তিনি বলেন, ভালো ফলাফলের পেছনে শিক্ষার্থীদের মা-বাবার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই তাদের প্রতি সবসময় সম্মান ও শ্রদ্ধা বজায় রাখতে হবে। গ্রামাঞ্চল থেকে পড়াশোনা করে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যৎ লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন গোয়াইনঘাট বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মারুফা হোসেন ইমু ও সোহারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কুলসুমা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬