
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাটিকাপা গ্রামের বাসিন্দা ও কুপার বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুজ্জামান ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১২ ব্যাচের সাবেক শিক্ষার্থী।
অসুস্থ হয়ে পড়ার পর ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার অস্ত্রোপচার করাতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকা প্রয়োজন বলে জানা গেছে।
তবে এই বিপুল অর্থের ব্যয়ভার বহন করা নুরুজ্জামানের পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে তার চিকিৎসায় সহযোগিতার জন্য স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একজন শিক্ষককে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।