প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2026 ইং
ফতেপুরে ছড়া থেকে বালু উত্তোলন, বালুবাহী ট্রাক্টরে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিভিন্ন ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উত্তোলিত বালু রাতের আঁধারে ট্রাক্টরের মাধ্যমে পরিবহনের কারণে ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক, কালভার্ট ও সরকারি অর্থে নির্মিত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গুলনী ছড়াসহ বিভিন্ন ছড়া থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে। দিনের তুলনায় রাতের আঁধারে বালু উত্তোলন ও পরিবহনের প্রবণতা বেশি। পরে এসব বালু ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করা হচ্ছে।
বালুবাহী ভারী ট্রাক্টরগুলো ইউনিয়নের সরু ও ইটসলিং গ্রামীণ সড়ক দিয়ে নিয়মিত চলাচল করায় সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাচ্ছে। কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে গর্ত। একই সঙ্গে অতিরিক্ত ভার বহনকারী ট্রাক্টরের চাপে কালভার্ট ও সড়কের বিভিন্ন অংশেও ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এতে একদিকে যেমন সরকারি অর্থে নির্মিত সড়ক অবকাঠামো দ্রুত নষ্ট হচ্ছে, অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচলে দুর্ভোগ বাড়ছে।
স্থানীয়দের দাবি, অবৈধভাবে বালু উত্তোলন ও অতিরিক্ত ভারী যান চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। সরেজমিনে ফতেপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে বালু পরিবহনের চিত্র ও ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়কের অবস্থা দেখা গেছে।
স্থানীয়দের প্রশ্ন—সরকারি অর্থে নির্মিত গ্রামীণ সড়ক রক্ষায় প্রশাসন কতটা কার্যকর ব্যবস্থা নেয়, এখন সেটিই দেখার বিষয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬