প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2026 ইং
তোয়াকুল বাজারে জলাবদ্ধতা: বছরের ৮ মাসই ভোগান্তিতে ক্রেতা ও পথচারীরা

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন পরিষদ ও তোয়াকুল বাজারের প্রধান প্রবেশ পথে দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ক্রেতা ও সেবাগ্রহীতারা। বছরের অন্তত আট মাস এই গুরুত্বপূর্ণ সড়কটি হাঁটু পানিতে নিমজ্জিত থাকে।
স্থানীদের অভিযোগ, সড়কটি সচল না থাকায় বাজারে ক্রেতার সমাগম কমছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে ব্যবসায়ীদের ওপর। একই সাথে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষও যাতায়াতে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন।
দীর্ঘদিনের এই জনদুর্ভোগ দেখা সত্ত্বেও বাজার কমিটি, ইউনিয়ন পরিষদ কিংবা স্থানীয় সমাজসেবকদের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। দ্রুত এই জলাবদ্ধতা দূর করে যাতায়াতের উপযোগী পথ তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬