প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 5, 2026 ইং
গোয়াইনঘাটে অবৈধ বালু-পাথর উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত কয়েকজন, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কান্দুবস্তি এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগটি করেছেন কান্দুবস্তি গ্রামের বাসিন্দা মো. আফসার আহমদ (৩১)। অভিযোগে তিনি দাবি করেন, গত ৩ আগস্ট সকাল প্রায় ১১টার দিকে কান্দুবস্তি গ্রামের উত্তর-পশ্চিম পাশে পিয়াইন নদীর পূর্ব তীরের বেড়িবাঁধ এলাকায় অভিযুক্তরা ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করছিলেন। অভিযোগে বলা হয়, স্থানীয় এলাকাবাসী ও যুবসমাজ বেড়িবাঁধ, বসতবাড়ি, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এবং শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে তাদের বালু-পাথর উত্তোলন থেকে বিরত থাকার অনুরোধ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে রাহিন আহমদ, সুহান আহমদ, নজির আহমদ, ছামি আহমদ, নাহিদ আহমদ, আল আমিন ও রাজন নায়কসহ কয়েকজন আহত হন। অভিযোগ অনুযায়ী, আহতদের মধ্যে রাহিন আহমদের মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে এবং তাকে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুহান আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই এলাকার বেড়িবাঁধের ক্ষতি করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করে আসছেন। এতে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীর দাবি। এছাড়া ভবিষ্যতেও তারা বেড়িবাঁধ কেটে বালু-পাথর উত্তোলন অব্যাহত রাখতে পারেন বলে অভিযোগে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬