প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 12, 2026 ইং
২৪ ঘণ্টার মধ্যে রয়্যালটি ৫ টাকায় আনার দাবি, গোয়াইনঘাটে নৌকা শ্রমজীবী সমিতির প্রতিবাদ সভা

ডেক্স নিউজ :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বালুমহালের অতিরিক্ত রয়্যালটি আদায়ের প্রতিবাদে এবং তা কমানোর দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় নৌ-শ্রমিকরা। উপজেলার হাজিপুর বালুমহাল থেকে সরকারি নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত রয়্যালটি আদায়ের প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সভা করেছে ‘গোয়াইনঘাট উপজেলা নৌকা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ’ (রেজি নং- সিল-৪৫/১৮-১৯, স্থাপিত: ০৯/০৫/২০১৯খ্রি)।
শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় উপজেলার সদর ইউনিয়নের পরগনা বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলীম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায় সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন— রুহুল আমিন, আতিকুর রহমান, কয়েছ আহমদ, আমির হোসেন, এম.জে কাওসার, বদরুল আলম ও জুবের আহমদ। এছাড়াও সংগঠনের সাংগঠনিক সম্পাদক হালিম আহমদসহ শতাধিক সাধারণ নৌ-শ্রমিক সভায় অংশ নেন।
শ্রমিক নেতাদের আলটিমেটাম:
"আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাজিপুর বালুমহালের রয়্যালটি ৭ টাকা থেকে কমিয়ে ৫ টাকা নির্ধারণ করতে হবে। একই সাথে শ্রমিকদের সাথে বসে দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। অন্যথায়, সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমরা কঠোর আন্দোলন ও কর্মবিরতির ডাক দিতে বাধ্য হব।"
প্রতিবাদ সভায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, হাজিপুর বালুমহাল থেকে বর্তমানে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক প্রতি ফুটের জন্য ৭ টাকা করে রয়্যালটি আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ সরকারি নিয়ম বহির্ভূত। এই অতিরিক্ত রয়্যালটি আদায়ের কারণে সাধারণ নৌকা শ্রমিক ও ক্ষুদ্র বালু ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন এবং তাদের জীবিকা আজ হুমকির মুখে।
বক্তারা অবিলম্বে এই অবৈধ বাড়তি রয়্যালটি আদায় বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তা না হলে গোয়াইনঘাটের নৌ-শ্রমিকরা রাজপথে নেমে তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬