প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 25, 2026 ইং
গোয়াইনঘাটে সরকারি বীজাগার দখল: দীর্ঘদিনের অভিযোগ থাকলেও নেই উচ্ছেদ ও পুনরুদ্ধার

ডেক্স নিউজ :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুটি সরকারি বীজাগার দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকায় ব্যাহত হচ্ছে কৃষি সেবা ও প্রশিক্ষণ কার্যক্রম। দখলদারদের উচ্ছেদে এবং সরকারি সম্পদ পুনরুদ্ধারে সিলেট জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা। গত ১৬ মার্চ (২০২৩) উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি স্বাক্ষরিত এক পত্রে এই আবেদন জানানো হয়।
আবেদন সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াখেল মৌজায় ৮ শতাংশ জমির ওপর অবস্থিত সরকারি বীজাগারটি দীর্ঘদিন ধরে স্থানীয় স্বপন মিয়া, রিপন মিয়া ও তাদের পরিবার অবৈধভাবে দখল করে বসবাস করছেন। অবৈধভাবে বসবাসের দায়ে তাদের বিরুদ্ধে গত ৩০ অক্টোবর ২০২২ তারিখে গোয়াইনঘাট থানায় একটি মামলা (মামলা নং- ৩০/২৮৯) দায়ের করা হলেও তারা এখনো স্থাপনাটি ছাড়েননি।
অন্যদিকে, উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল (২য় খণ্ড) মৌজায় ৬ শতাংশ জমির ওপর নির্মিত অপর একটি সরকারি বীজ গুদামের চারপাশ দখল করে কতিপয় ব্যক্তি অবৈধভাবে অস্থায়ী স্থাপনা তৈরি করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দখলদারদের একাধিকবার নোটিশ প্রদান করা সত্ত্বেও তারা সরকারি জায়গা ছাড়তে নারাজ। এই বীজাগার দুটি অবৈধ দখলে থাকায় ইউনিয়ন পর্যায়ে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় কৃষি সেবা ও প্রশিক্ষণ প্রদান করতে পারছেন না। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন প্রকল্প কার্যক্রমের মাধ্যমে ওই স্থানে ‘কৃষক পরামর্শ কেন্দ্র’ স্থাপনের যে পরিকল্পনা রয়েছে, তাও বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, "সরকারি সম্পদ উদ্ধার এবং কৃষকদের সঠিক সেবা নিশ্চিত করতে আমরা উচ্ছেদ অভিযানের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছি। আবেদনের দীর্ঘ সময় পার হলেও এখনো কোন সুরাহা মিলেনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬