প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 14, 2026 ইং
গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গ টুনির রহস্যজনক মৃত্যু

ডেক্স নিউজ : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিভাস চন্দ্র দাস ওরফে টুনি (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার হাদারপার বাজারের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত বিভাস চন্দ্র দাস ওরফে টুনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মৌরাপুর গ্রামের মৃত গোপেশ চন্দ্র দাসের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে গোয়াইনঘাটের হাদারপার বাজারে জনৈক নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যবর্তী কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। টুনি তার ভাড়া বাসার বাথরুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে বাথরুমের চালের অ্যাঙ্গেলের সাথে ওড়না পেঁচিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
এদিকে গোয়াইনঘাট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬