প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 14, 2026 ইং
গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাটে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। এরপর বেলা ১১টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান এবং উপজেলা কৃষি অফিসার মামুন পারভেজ রনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, নির্বাহী সদস্য হাবিবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে বাংলার ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করা হয়। বক্তারা তাদের বক্তব্যে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে নতুন বছরে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬