প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 5, 2026 ইং
তেল না দেওয়া ও পরিমাপে কারচুপি: বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই পাম্পে জরিমানা

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে তেল সরবরাহে অনিয়ম ও পরিমাপে কারচুপির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ফিলিং স্টেশনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার বিএসটিআই এর মেট্রোলজি পরিদর্শক মীর মোঃ সাইফ আলী। ভ্রাম্যমাণ আদালতে পেশকার হিসেবে দায়িত্ব পালন করেন বিরামপুর উপজেলা ভূমি অফিসের নাজির জিলকাদ হোসেন।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের মমতাজ তেলের পাম্পের প্রোপাইটার মোবাশ্বের আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, তিনি নির্ধারিত রিজার্ভের চেয়ে বেশি তেল মজুদ রেখে ভোক্তাদের তেল সরবরাহে গড়িমসি করছিলেন।
অন্যদিকে, শারমিন ফিলিং স্টেশনের মালিক মোজাম্মেল হোসেনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তার বিরুদ্ধে তেল পরিমাপে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এদিকে বিরামপুর কলেজ বাজার মেসার্স বিরামপুর ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী। উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেখানে জরুরি সেবার আওতাভুক্ত গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ নিশ্চিত করা হয়। পরবর্তীতে সাধারণ মানুষের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে উভয় পাশ থেকে তেল সরবরাহ চালু করা হয়।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬